বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি শহরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ও এক ব্যাংক ম্যানেজার গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রী অর্পিতা সরকার ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত লাগে। কান দিয়ে রক্তপাত অব্যাহত থাকায় ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত হন ঝালকাঠি মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার পঙ্কজ কান্তি বিশ্বাসও। তার পা ও মাথায় আঘাত রয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোখলেছুর রহমান ও মিঠুন চন্দ্র দাস জানান, বিকেলে অর্পিতা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় অর্পিতা কয়েক ফুট দূরে ছিটকে পড়ে যায়। এরপর মোটরসাইকেলটি তার দুই পায়ের ওপর দিয়ে গিয়ে সামনে থাকা ব্যাংক ম্যানেজার পঙ্কজ কান্তি বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে তিনিও গুরুতর আহত হন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাবির হাসান দিপু বলেন, অর্পিতার দুই পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত এবং কান দিয়ে রক্তপাত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যাংক ম্যানেজারেরও পা ও মাথায় আঘাত রয়েছে।
ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাগর ইসলাম বলেন, শিক্ষার্থী অর্পিতাকে যেভাবে মোটরসাইকেলটি ধাক্কা দিয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। বেপরোয়া ও দায়িত্বহীনভাবে মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
মোটরসাইকেল চালক শিহাবের বাবা ও ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের ব্যবসায়ী ফরিদ আহমেদ বলেন, শিহাব তার ছোট ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলের এমন ঘটনায় তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বশির হাসান জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, টিনপট্টি সড়কের ব্যবসায়ী ফরিদ আহমেদের ছেলে শিহাব মোটরসাইকেলটি চালাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত