বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম। নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আগস্ট মাসে সর্বাধিক পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এতে ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমকে ‘শ্রেষ্ঠ এএসআই’ ও ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ ক্যাটাগরিতে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় এএসআই শাহ্ আলম বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কর্মপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সকল সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফসল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা যথাযথভাবে তামিলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে জেলার সেরা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও কর্মদক্ষতা বাড়াতে অনুপ্রেরণা দেওয়া হয়।
এদিকে ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমের এ অর্জনে থানার সহকর্মীসহ স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্বের এমন স্বীকৃতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঈশ্বরগঞ্জে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩১) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নির্দেশনায় পুলিশের একটি টিম অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বাহেরা গ্রামের মিজানুর রহমানকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযানে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। মোনাজাতে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও তাঁর পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঈশ্বরগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
আয়োজকরা জানান, সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এমপি মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করছেন। তাঁর সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত