রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছাত্রদল নেতা উবায়দুর রহমান রাকিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহেত্তরী এলাকার পুরোনো মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহত রাকিব আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাকিবের মামা আতিকুর রহমান (৩৯) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার ৭ নম্বর আসামি ইয়াকুব মিয়া (৩০) ও ১৬ নম্বর আসামি রমজান মিয়া (২৭)।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বেহেত্তরী গ্রামের পুরোনো মসজিদ সংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা রাকিবের ওপর হামলা চালান। এ সময় তাঁর মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হয়। এতে মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
রাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আহত রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাকিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক ফরহাদ আহম্মেদ এক বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো মামলার আসামি সিরাজুল গ্রেফতার
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, সিরাজুল অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিরাজুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ওই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধামদী এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অনলাইন জুয়ার কার্যক্রমে এজেন্ট হিসেবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সিরাজুলের বিরুদ্ধে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন এবং দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে। এসব আলামত মামলার তদন্তে সংশ্লিষ্ট হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়ভাবে সিরাজুলকে ‘ক্যাসিনো সম্রাট’ বলে অভিহিত করার কথাও শোনা যায়। তার নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে এবং তার মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িয়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিরাজুল ইসলাম অনলাইন ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি। সে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া, মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জে হাঁস নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৩
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনাবাদি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। এ সময় অন্তঃসত্ত্বা গৃহবধূর স্বর্ণের চেইন ও তাঁর শাশুড়ির রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ পুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বপন মিয়ার বাবা সিরাজুল হক (৬৮) বাদী হয়ে একই গ্রামের মোশারফ হোসেন (৫০) ও তার দুই ছেলে শিমুল মিয়া (২৫) এবং বাবু মিয়ার (২৭) বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন, স্বপন মিয়া (৩৮), তাঁর মা রাশিদা বেগম (৬৩) এবং তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিয়া আক্তার (৩৩)।
রোববার (১৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বাড়ির পাশের একটি অনাবাদি জমিতে সিরাজুল হকের পরিবারের পালিত হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার সিরাজুল হকের বাড়িতে গিয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় বাধা দিলে মোশারফ হোসেনের নির্দেশে তার ছেলে শিমুল মিয়া হাতে থাকা অস্ত্র দিয়ে সিরাজুল হকের ছেলে স্বপন মিয়ার মাথার দুই পাশে পরপর দুটি আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে স্বপন রক্তাক্ত জখম হন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে আট মাসের অন্তঃসত্ত্বা সাবিয়া আক্তারকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।
সাবিয়া আক্তার অভিযোগ করে বলেন, হামলার সময় তাঁর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং শাশুড়ি রাশিদা বেগমের গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়। চেইন উদ্ধারের চেষ্টা করলে তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোশারফ হোসেন জানান, ঘটনার দিন তার ছেলে শিমুল মোটরসাইকেলে করে মাজার বাজারে যাওয়ার পথে দেখতে পান, প্রতিপক্ষের হাঁস ধানখেতের পাশের একটি পুকুরে নেমে মাছ খেয়ে ফেলছে। এ বিষয়ে কথা বলতে গেলে প্রতিপক্ষরা শিমুলকে আটকে মারধর করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭