মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষকের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা উপেক্ষা করে পূর্বানুমতি বা ছুটি ছাড়াই শিক্ষকদের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগের ঘটনায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সরেজমিনে মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিয়মিত শ্রেণি কার্যক্রম চলার কথা থাকলেও অধিকাংশ শ্রেণিকক্ষ শিক্ষক ও শিক্ষার্থীশূন্য। এ সময় প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে তাঁদের অনুপস্থিতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ কিংবা ছুটিসংক্রান্ত লিখিত আবেদন পাওয়া যায়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিদ্যমান নীতিমালা অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন না। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ কিংবা দায়িত্ব পালনে অবহেলা সরকারি চাকরিবিধির পরিপন্থী। শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান পরিচালনার নির্দেশনাও রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি সরকারিকরণের পর শিক্ষার মান ও পাঠদানের পরিবেশ আরও উন্নত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের এমন দায়িত্বহীনতায় পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে। নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান না করে শিক্ষকদের চলে যাওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের পরিবর্তে প্রাইভেট ও কোচিং সেন্টারমুখী হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় প্রশাসনিক শৃঙ্খলায় ঘাটতি দেখা দিয়েছে। অনেক শিক্ষক নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ময়মনসিংহে অবস্থান করছেন। নয়জন সহকারী শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা সকাল ১০টায় বিদ্যালয়ে এসে দুপুর পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠদান করেছেন। পরে নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের বিদ্যালয় ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তবে এ বিষয়ে অনুপস্থিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, শিক্ষকদের এ ধরনের অনুপস্থিতি সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, প্রধান শিক্ষক তাঁর কাছ থেকে কোনো ছুটি নেননি। সহকারী শিক্ষকেরা ছুটির আবেদন ছাড়াই নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করে থাকলে তা সরকারি নীতিমালার ব্যত্যয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন
ঈশ্বরগঞ্জ :: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ এর সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বর ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বর্ণাঢ্য যুব র্যালিতে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল কায়সার তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২ নভেম্বর উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। ৩ নভেম্বর উপজেলার বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ৪ নভেম্বর পৌরসভায় মশা বংশ বিস্তারের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি। ৫ নভেম্বর বিআরডিবি হলরুমে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ৬ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রকল্পের সমস্যা সমাধানে উদ্যোক্তা ও আত্মকর্মীদের মধ্যে মতবিনিময় সভা। ৭ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হবে।
ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইন সহ মাদক কারবারি ফারুক গ্রেফতার
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ফারুক মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৯টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসআই উমর ফারুকের নেতৃত্বে এএসআই শাহ আলমসহ পুলিশের একটি বিশেষ দল উপজেলার সোহাগী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতার ফারুক মিয়া সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। পুলিশি রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার ও জামিনে মুক্ত হওয়ার পরও সে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে পুলিশের অভিযোগ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।





ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়