বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোসলেম উদ্দিন, আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিশুদের হাতে রং পেনসিল, তুলি ও কাগজে ফুটে ওঠে তাদের মনের নানা কল্পনা ও সৃজনশীল ভাবনা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আয়োজকরা জানান, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। চিত্রাঙ্কনের মতো প্রতিযোগিতা শিশুদের কল্পনাশক্তি বাড়ায়, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে শিশুদের নিয়ে এমন আয়োজন তাদের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে। ভবিষ্যতেও শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হবে। আগামী শনিবার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, ক্যাসিনো ও গরু চুরি প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি।
মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভুঁইয়া, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন, জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আজিজি, পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোয়াইব, মাইজবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি আকরাম হোসাইন মনোয়ার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিট অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কাঞ্চন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, সমাজ থেকে অপরাধ, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ক্যাসিনো মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ওসি সাজ্জাদ রোমন তাঁর বক্তব্যে বলেন, ঈশ্বরগঞ্জে যোগদানের পর থেকেই মাদক, ক্যাসিনো ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছেন। বিশেষ করে মাইজবাগ এলাকায় ক্যাসিনো, মাদক ও গরু চুরির প্রবণতা উদ্বেগজনক। ইতোমধ্যে বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাদক কারবারিদের নির্মূলে কঠোর অভিযান চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ওসি আরও বলেন, সীমিতসংখ্যক পুলিশ সদস্য দিয়ে বিপুল জনগোষ্ঠীর আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। তাই অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষই পুলিশের সবচেয়ে বড় সহযোগী। পাশাপাশি গরু চুরি প্রতিরোধে গোয়ালঘরের দরজা মজবুত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামর্থ্য অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি।
উঠান বৈঠকে এলাকার মাদক, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।





ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল