মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
![]()
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি চুরির মামলার তিন আসামি এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি হিসেবে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২০), টুকাই সুলতানের ছেলে শামীম মিয়া (২২) এবং মৃত আইন উদ্দিনের ছেলে হারেছ মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে। আনিছুর রহমানের স্থায়ী বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও তিনি বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা (ফেরিঘাট মোড়) এলাকায় বসবাস করছিলেন।
এদিকে পৃথক অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার, আওয়াল, মৃত শরীফ খাঁর ছেলে মাতাব আলী, মাতাব আলীর ছেলে দুলাল খাঁ এবং নিজামুদ্দিন (৫৫)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে এবং আঠারবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে চুরি মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আটজনকেই মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার তালিকা প্রস্তুত এবং মাঠপর্যায়ে তথ্য যাচাইকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, আধুনিক জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়কের অবস্থান, সংযোগ, জনসেবা, কৃষি উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে একটি সমন্বিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এর ফলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তির জন্য চিহ্নিত করা হয়। এগুলো হলো, ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে কালীরবাজার জিসি রোড, সোহাগী ইউপিসি থেকে চরহোসেনপুর হাট রোড, সোহাগী জিসি থেকে শহীদপুর জিসি রোডের (ঈশ্বরগঞ্জ অংশ) এবং আনন্দগঞ্জ জিসি থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ আরএইচডি জিসি রোডের আঠারবাড়ী কলেজ গেট থেকে লক্ষ্মীগঞ্জ পর্যন্ত অংশ।
আয়োজকরা জানান, গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মূল উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করা। এতে কোন সড়কটি অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগের দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, তা নির্ধারণ করে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় মানুষের যাতায়াত এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতেও এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, এলজিইডির বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মাঠপর্যায়ের বিভিন্ন অংশীজন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ঈশ্বরগঞ্জে স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২১ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সমাবেশ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন ও মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দেন তিনি।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় ইউএনও পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহুরা খাতুন, সহকারী শিক্ষক তবারক হোসেন, বাচ্চু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।





ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত