শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খেলা » নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাইপর্বে অংশ নিতে এসে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে না পেয়ে বাড়ি ফিরে গেছে শতাধিক নিবন্ধিত ক্ষুদে খেলোয়াড়। ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে বাছাই কার্যক্রমে অংশ নিতে শিশু-কিশোর খেলোয়াড়েরা অভিভাবকদের সঙ্গে উপস্থিত হলেও দুপুর পর্যন্ত সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি পরে বিকাল বেলা হতাশ হয়ে বাড়ি ফিরে যায় তারা।
জানা গেছে, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গ্রাম ও ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। এ লক্ষ্যে ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিবন্ধন করা ক্ষুদে খেলোয়াড়দের মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানানো হয়, ২৭ অক্টোবর সকাল ৯টায় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়। বার্তা পেয়ে সকাল থেকেই ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলায় নিবন্ধন করা শিশু-কিশোরেরা তাদের অভিভাবকদের সঙ্গে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিরাশ হয়ে বাড়ি ফিরে যায় তারা। নতুন কুঁড়ি স্পোর্টসে ভলিবল ও ফুটবল খেলোয়াড় হিসেবে নিবন্ধন করা শিক্ষার্থী সারন বৃষ্টি হাসদার মা সারা হাসদা বলেন, “মেসেজ পেয়ে সন্তানদের নিয়ে সকাল সকাল পার্বতীপুর পৌর স্টেডিয়ামে উপস্থিত হই। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কাউকে পাইনি। পরে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমার মতো শতাধিক অভিভাবক সন্তানদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন।” পার্বতীপুর পৌর স্টেডিয়ামের কেয়ারটেকার মোয়াজ্জেম হোসেন বলেন, অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু কোনো কার্যক্রম না হওয়ায় তাঁরা ফিরে গেছেন। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, “মেসেজ জেলা থেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা কিছু জানি না। পরে মিটিং করে সময় জানানো হবে।” পার্বতীপুর ফুটবল একাডেমির পরিচালক শামসের আলী বলেন, মুঠোফোনে বার্তা দিয়ে ক্ষুদে খেলোয়াড়দের ডেকে এনে বাছাই কার্যক্রম না করেই ফিরিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক।
নির্ধারিত সময়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত না হওয়ায় শিশু-কিশোর খেলোয়াড় ও তাদের অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এখন কবে নাগাদ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ
পার্বতীপুর :: ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো-পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও ফুলবাড়ী। এসব কেন্দ্রে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে পার্বতীপুর উপজেলায় তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো-জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬২৫ জন, ভবানীপুর শেরপুর উচ্চ বিদ্যালয়ে ২০৪ জন এবং যশাই উচ্চ বিদ্যালয়ে ৪১৩ জন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক সারোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা পরিচালক আল ইমরান ও উপজেলা সহকারী পরিচালক আল হাসির ইসলাম। এ ছাড়া ভবানীপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা শাহীন আক্তার এবং যশাই কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সম্পাদক ওমর হান্নান।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকছে একটি ল্যাপটপ। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজকরা জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাসরি ও অনলাইনে ২০০ টাকা নিবন্ধন ফি দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন