সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৬ মাসে কোটি টাকার অধিক অবৈধ কাঠ জব্দ করেছে রাঙামাটি দক্ষিণ বন বিভাগ
৬ মাসে কোটি টাকার অধিক অবৈধ কাঠ জব্দ করেছে রাঙামাটি দক্ষিণ বন বিভাগ
রাঙামাটি :: রাঙামাটিতে অবৈধ গাছ কর্তন ও কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বন বিভাগের। আর অব্যাহত অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গত ৬ মাসে অন্তত ৫০ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার অধিক। এসব কাঠের মধ্যে সর্বশেষ গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি শহরের জেবি করাতকলের কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকা থেকে ১৫৬ টুকরা চিড়াই কাঠ জব্দ করেছে বন বিভাগের বিশেষ টহল দল। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, রাঙামাটি সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে মূল্যবান সেগুন ও বিভিন্ন জাতীয় কাঠ অবৈধভাবে পাচার করে আসছিল চোরাকারবারি ও কাঠ পাচারকারী একাধিক চক্র। খবর পেয়ে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে পাচারকালে গত ৬ মাসে কোটি টাকার অধিক অবৈধ কাঠ জব্দ করে বন বিভাগ। বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে চোরাই পথে ওইসব কাঠ পাচার করা হচ্ছিল। জব্দ করা কাঠগুলো পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জে মজুত রাখা হয়েছে।
বুধবার পাচারের জন্য রাঙামাটি শহরের কাঠালতলীর জেবি করাতকলের কাপ্তাই হ্রদের পাড়ে অবৈধ চিড়াই কাঠ মজুত করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অতর্কিত গিয়ে অভিযান চালায় বন বিভাগের বিশেষ টহল দল। এ সময় গোদা, গুটগুটি ও কড়ই জাতির ১৫৬ টুকরা অবৈধ চিড়াই কাঠ জব্দ করা হয়েছে। যার পরিমাণ ১০৩ ঘনফুট।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুব উল আলম জানান, অবৈধ গাছ কর্তন ও পাচাররোধে বর্তমানে বন বিভাগ কঠোর অবস্থানে। এজন্য রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলামের নেতৃত্বে কয়েকটি বিশেষ টহল দল ভাগ হয়ে পালাক্রমে রাত দিন ২৪ ঘন্টা রাঙামাটি সদর, ঘাগড়া, কাপ্তাইসহ আশেপাশে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গত দুই মাস ধরে কাঠ পাচার রোধে কঠোর অভিযান চলছে। অভিযানের ফলে পাচারকারীদের তৎপরতা কমেছে। গত ৬ মাসে পাচারকালে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় বন মামলা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল