রবিবার ● ১৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ পালিত
ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ পালিত
সংবাদ বিজ্ঞপ্তি :: জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত হয়েছে। সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার (১৫ জানুয়ারি ২০২৩) সকাল ৬টা থেকে অবরোধের সমর্থনে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা খাগড়াছড়ি সদর এলাকাসহ বিভিন্ন উপজেলায় পিকেটিং করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
অবরোধ পালনকালে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকাল ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শিবমন্দির এলাকা থেকে ডিজিএফআইয়ের সদস্যরা অনুনয় চাকমা (২৫), পিতা- নিমাই চাকমা নামে এক যুবককে ধরে দেওয়ান পাড়ায় অবস্থানকারী নব্যমুখোশ দুর্বৃত্তদের হাতে তুলে দেয়। পরে স্থানীয় মুরুব্বীরা গিয়ে মুখোশদের কবল থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় জেলার সকল যানবাহন মালিক, চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী ও তাদের সৃষ্ট নব্যমুখোশসহ বিভিন্ন ঠ্যাঙারে বাহিনী এবং সেটলার বাঙালি দ্বারা প্রতিনিয়ত খুন, গুম, অপহরণ, গ্রেফতার, নির্যাতন, হয়রানি, ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলা, নারী নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হচ্ছে। দশকের পর দশক ধরে এ অঞ্চলে সেনাশাসন জারি রেখে পাহাড়ি জনগণের উপর রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হচ্ছে। তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া প্রয়োজন।
তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সেনাশাসনের অবসান, ভূমি বেদখল, খুন, গুম, বিচার বহির্ভুত হত্যা, নারী নির্যাতনসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি জনগণের ন্যায্য দাবি নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও সদস্যবৃন্দের খাগড়াছড়ি, বান্দরবার ও রাঙামাটি সফরের কথা রয়েছে।





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা