সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সহকারী শিক্ষক ও কর্মচারীরা গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে গত ৪ আগস্ট উপজেলা প্রশাসন উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীরকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি গত ১৩ আগস্ট সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে ২৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ যথাসময়ে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রাখাসহ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ ওঠার পর বিদ্যালয়ের ব্যাংক হিসাবে উল্লেখযোগ্য অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর গত ১৮ আগস্ট ৯০ হাজার টাকা এবং ১৯ আগস্ট ১ লাখ ৭ হাজার টাকা জমা দেওয়া হয়। অর্থাৎ দুই দিনে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে মোট ১ লাখ ৯৭ হাজার টাকা জমা হয়।
তদন্তে বিদ্যালয়ের আর্থিক লেনদেনসংক্রান্ত নথিপত্রেও বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্যাশ রেজিস্টার যৌথ স্বাক্ষরে পরিচালিত হওয়ার কথা থাকলেও তা একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে। এছাড়া চেক ইস্যু রেজিস্টারও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। তদন্ত কমিটির তথ্যমতে, ২৩ জুন ২০২৩ সালের পর ওই রেজিস্টারে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বিদ্যালয়ের আয়-ব্যয় ও প্রশাসনিক কার্যক্রমে প্রধান শিক্ষকের একক নিয়ন্ত্রণের অভিযোগও উঠে এসেছে। বিভিন্ন ব্যয় যথাযথ কমিটির মাধ্যমে সম্পন্ন করার নিয়ম অনুসরণ করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের তিনটি টিনশেড ঘর ও একটি পাকা ভবন ভেঙে মালামাল ব্যবস্থাপনার ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে তদন্তে উঠে এসেছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত প্রতিবেদনটি আমি হাতে পেয়েছি। প্রতিবেদনটি পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ শিক্ষার্থীদের হাতে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অজয় চন্দ্র মোদক এবং গালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হাসনাত কে শ্রবণ উপকরণ প্রদান করা হয়। এছাড়া একই বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তারকে নগদ ২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিইপি-৪) এর অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও শিক্ষাগত প্রতিবন্ধকতা দূর করে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।
গালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদ হাসনাতের মা জান্নাতুল ফেরদৌস বলেন, শ্রবণ উপকরণ পেয়ে আমরা খুবই খুশি। এই উপকরণের মাধ্যমে আমাদের সন্তানদের শ্রবণজনিত সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। তারা অন্য শিক্ষার্থীদের মতো পাঠদানে মনোযোগ দিতে পারবে এবং লেখাপড়ায় আরও আগ্রহী হয়ে উঠবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এসব শিশুদের প্রতি আরও যত্নশীল ও সহযোগিতাপূর্ণ হতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, সরকার পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধপরিকর। কোনো শিক্ষার্থী যেন শারীরিক বা অন্য কোনো সমস্যার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ এবং নগদ অর্থ প্রদান সরকারের সেই উদ্যোগেরই একটি অংশ। এসব সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পাঠদানে মনোযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি, থানায় অভিযোগ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য একটি পরিবারকে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হেলাল উদ্দিন (৬০) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্তান গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম (৪৫), ফারুক মিয়া (৪০), এবাদুল (২০) ও মোস্তাকিমের (২২) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সংঘর্ষের একটি ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে চলতি বছরের ২৫ মে অভিযুক্তরা পুনরায় হেলাল উদ্দিন ও তার শ্যালক সোহাগ মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায়ও থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়।
হেলাল উদ্দিনের অভিযোগ, সর্বশেষ দায়ের করা মামলাটি প্রত্যাহারের জন্য অভিযুক্তরা তখন থেকেই তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের বসতবাড়ির সামনে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসায় উপজেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল্লাহর সভাপতিত্বে ও হাটুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামালের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান ছিদ্দিকী, পিতাম্বরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম শুয়াইব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের মোহাম্মদ বরকতুল্লাহ, দক্ষিণ সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার আমিনুল হক এবং সরাতি দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দায়িত্ব পালনকালে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর দায়িত্বশীলতা, সততা ও সহযোগিতাপূর্ণ মনোভাব শিক্ষা পরিবারের সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম তাঁর কর্মজীবনে সহযোগিতা করার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর পরবর্তী জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।





বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর