শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
রাঙামাটি, ১৩ নভেম্বর, ২০২৬ :: উন্নয়নের ধারাবাহিকতার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
আজ শুক্রবার ১৩ নভেম্বর রাঙামাটিতে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
দিনের প্রথম কর্মসূচিতে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে মিতিঙ্গাছড়ি খালের ওপর নির্মিত ৪৫ মিটার দীর্ঘ একটি ব্রিজের উদ্বোধন করেন। চট্টগ্রাম ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই ব্রিজটি চালু হওয়ায় স্থানীয় জনগণ এখন সরাসরি উপজেলা সদরে যাতায়াত করতে পারবেন এবং পার্শ্ববর্তী রানীরহাট বাজারে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করার সুযোগ পাবেন।
ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করেছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে ব্যাপক কাজ চলছে। উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্য দিয়েই পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও পাইচিমং মারমা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন