শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে (এমজিএমসিএল) টানা ৫২ দিন বন্ধ থাকার পর আবারও পাথর উৎপাদন শুরু হয়েছে।
শনিবার ১১ জুলাই সকাল থেকে খনির ভূগর্ভ থেকে পুরোদমে পাথর উত্তোলনের কার্যক্রম পুনরায় চালু হয়।
খনি সূত্রে জানা গেছে, পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত ১৮ মে শেষ হয়ে যায়। এর ফলে ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। প্রয়োজনীয় বিস্ফোরক ১০ জুলাই খনিতে পৌঁছানোর পর শনিবার সকাল থেকে প্রায় এক মাস ২২ দিন (৫২ দিন) পর পুনরায় উৎপাদন শুরু হয়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। নতুন করে বিস্ফোরক সরবরাহ পাওয়ায় শনিবার সকাল থেকেই পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
তিনি জানান, শুক্রবার খনিতে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট পৌঁছেছে। এ পরিমাণ বিস্ফোরক দিয়ে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। ভবিষ্যতে বিস্ফোরক সংকটের কারণে যাতে উৎপাদন ব্যাহত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
খনি সূত্র জানায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ায় এর আগেও ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৫ এবং সর্বশেষ ২০২৬ সালে খনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
উল্লেখ্য, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর সঙ্গে ছয় বছরের জন্য পুনঃচুক্তি করে এমজিএমসিএল। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করছে।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন