শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: আজ ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক হত্যা দিবস। ২১ বছর আগে ২০০৫ সালের এই দিনে জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নির্মমভাবে নিহত হন ঝালকাঠির দুই বিচারক। সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তাঁদের বহনকারী মাইক্রোবাসে এ নৃশংস হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ। গুরুতর আহত অপর বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দিবসটি উপলক্ষে ঝালকাঠি বিচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠিতে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
দুই বিচারক হত্যার ঘটনায় সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। পরে এ ঘটনায় জড়িত জেএমবির শীর্ষ নেতাদের আটক করা হয়। জঙ্গিদের ঝালকাঠিতে এনে তাঁদের উপস্থিতিতে জেলা জজ আদালতে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। ২০০৬ সালের ২৯ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন।
উচ্চ আদালতে ওই রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন—জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।





শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি