শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি:: ঝালকাঠিতে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। শীতের প্রস্তুতি হিসেবে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শহরের তুলাপট্টির দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। তবে পরিশ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এ পেশার সঙ্গে জড়িত কারিগররা।
শহরের তুলাপট্টি এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে লেপ-তোষকের দোকান। কোথাও সুই-সুতা দিয়ে লেপ-তোষক সেলাই করছেন কারিগররা, আবার কোথাও সেলাই মেশিনে কাপড় জোড়া লাগানোর কাজ চলছে। তুলা ও ফোম দিয়ে তৈরি হচ্ছে নানা রঙের লেপ-তোষক। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ছে।
ব্যবসায়ীরা জানান, তুলা, লেপের কাপড় ও ফোমের দাম গত বছরের তুলনায় বেড়েছে। শিমুল তুলা দিয়ে তৈরি লেপের চাহিদাও রয়েছে। ক্রেতারা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অর্ডার দিয়ে লেপ-তোষক তৈরি করাচ্ছেন।
স্থানীয় বাজারে বর্তমানে চার ফুট বাই পাঁচ ফুট মাপের ছয় কেজি ওজনের একটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। অন্যদিকে সাড়ে চার ফুট বাই সাড়ে পাঁচ ফুট মাপের ১৬ কেজি তুলা দিয়ে তৈরি একটি তোশকের দাম রাখা হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ টাকা। শিমুল তুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।
এদিকে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করলেও ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ করেছেন কারিগররা। তাঁদের ভাষ্য, সাড়ে চার ফুট মাপের ছয় কেজি ওজনের একটি লেপ তৈরি করতে যথেষ্ট সময় ও শ্রম দিতে হয়। অথচ এ কাজের জন্য মজুরি পাওয়া যায় মাত্র ৩৫০ টাকা। একইভাবে চার ফুট বাই পাঁচ ফুট মাপের ১৬ কেজি ওজনের একটি তোশক তৈরির মজুরি দেওয়া হয় ৪০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই মজুরি পরিশ্রমের তুলনায় অনেক কম বলে মনে করেন তাঁরা।
ক্রেতা মো. শওকত হোসেন শুভ জানান, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তিনি দুটি তোশক তৈরির অর্ডার দিয়েছেন। পাশাপাশি পুরোনো বালিশও মেরামতের জন্য দিয়েছেন। তাঁর মতে, গতবারের তুলনায় এবার দাম তেমন বাড়েনি। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দাম স্বাভাবিক রয়েছে।
নারী ক্রেতা রিমা খানম জানান, শীতের প্রস্তুতি হিসেবে তিনি লেপ-তোষক তৈরি ও পুরোনো বিছানাপত্র মেরামতের উদ্যোগ নিয়েছেন। শীত শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে রাখতে চান তিনি। তবে পণ্যের মান ও দাম বিবেচনা করেই কেনাকাটা করছেন।
আলম অ্যান্ড সন্স সৌদি বেড সাপ্লাইয়ের স্বত্বাধিকারী মো. খালিদ বিন আলম বলেন, এখনো ঝালকাঠিতে সেভাবে শীত পড়েনি। তবে আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই নতুন লেপ-তোষক তৈরি করছেন। আবার অনেকে পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামতের জন্য নিয়ে আসছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা ও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তিনি। তাঁর দাবি, পণ্যের দাম আগের মতোই রয়েছে। তবে আগের তুলনায় ক্রেতা কিছুটা কম।
ঝালকাঠি শিল্প সহায়ক কেন্দ্রের (বিসিক) উপব্যবস্থাপক মো. আল আমিন জানান, ১৯৫৭ সাল থেকে ঝালকাঠিতে লেপ-তোষক তৈরির কার্যক্রম চলে আসছে। বিশেষ করে শীত মৌসুমে এ কাজের চাহিদা বাড়ে। সদর উপজেলায় এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন ২০ থেকে ২৫ জন কারিগর। এ ছাড়া জেলার অন্য তিনটি উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০ জন কারিগর এ সেবা দিয়ে আসছেন।
তিনি আরও জানান, সাধারণত শীতের তিন থেকে চার মাস এসব কারিগর লেপ, তোশক ও বালিশ তৈরির কাজ করেন। তাঁদের এ সেবার মাধ্যমে ঝালকাঠির সাধারণ মানুষের পাশাপাশি আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলোও উপকৃত হচ্ছে। কারিগররা চাইলে বিসিকের মাধ্যমে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ এবং পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ সুবিধা নিতে পারবেন। এ ধরনের উদ্যোগে আগ্রহী কারিগরদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা দিতে বিসিক প্রস্তুত রয়েছে।
সব মিলিয়ে শীতের তীব্রতা এখনো পুরোপুরি অনুভূত না হলেও আগাম প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে ঝালকাঠির লেপ-তোষক তৈরির দোকানগুলো। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।





ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা