বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
![]()
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরোনো রাজনৈতিক মামলার তদন্তে প্রকাশিত একজন আসামি, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই দিনের অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার এবং চারজনকে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেনের একটি দল করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ভবানী এলাকায় অভিযান চালায়। এ সময় আলেয়া বেগমের বসতঘরের ভাড়াটিয়া কামরুলের কক্ষের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
১২ নভেম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা (৩০) ও নিটো চাকমা (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
একই দিন ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রকাশিত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আলমগীর হোসেনকে হিঙ্গুলী এলাকা থেকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় লিটন হোসেন ইব্রাহিমকে (৩৫) দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দিদারুল প্রকাশ কালু (২২), ইমাম হোসেন বাবলু (২২), বিকাশ চন্দ্র দে (৫০) ও আবু জাহিদ। তাঁদের যথাক্রমে সাত দিন, ছয় দিন, দুই দিন ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মিরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট
মিরসরাই :: মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। এ সময় খামার থেকে অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসানের খামারে সংঘটিত এ চুরির ঘটনায় প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে চোরের দল। পরে খামারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় খামারের বেশ কিছু জিনিসপত্রও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, তিনি খামারটি ভাড়া নিয়ে এনজিও থেকে ঋণ করে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছিলেন। বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। চোরেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ফ্যান, লাইট ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দুটি দোকানে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এবিষয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান